প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৪:২৯ PM

অভিযুক্ত অলি উল্লাহ
নোয়াখালীর চাটখিল উপজেলার এক বিধবা নারী (৪৮) বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তার ছেলেকে মাদক ব্যবসায়ী বানিয়ে মামলা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক দফা ওই নারীর বাড়িতে গিয়ে এবং থানায় ডেকে নিয়ে যৌন হয়রানি করেছেন চাটখিল থানার এসআই অলি উল্লাহ, এএসআই নুর মিয়া এবং পুলিশের সোর্স মামুন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী রাবেয়া সুলতানা শিল্পী (৪৮) গত শনিবার পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন গত সোমবার দুপুরে অভিযোগকারিণী রাবেয়া সুলতানা শিল্পী, এসআই অলি উল্যা, এএসআই নুর মিয়া ও পুলিশের সোর্স মামুনসহ সংশ্লিষ্ট সবার পৃথক জবানবন্দি গ্রহণ করেন। তিনি জানান, তাদের জবানবন্দির ভিত্তিতে তদন্ত প্রতিবেদন মহাপরিদর্শকের কাছে দাখিল করা হবে।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে এসআই অলি উল্লাহ ও এএসআই নুর মিয়া অভিযোগ অস্বীকার করেন। নুর মিয়া বলেন, “আমি একদিনই তার বাড়িতে গিয়েছিলাম তার ছেলের স্বাক্ষর নেওয়ার জন্য।”
অলি উল্লাহ বলেন, “তাকে থানায় ডাকা হয়েছিল সত্য, তবে যৌন হয়রানির অভিযোগ সঠিক নয়।”