প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:৫৩ পিএম

জুলাই সনদের বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, তা স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সনদে অংশগ্রহণকারী বিভিন্ন দলের কিছু নোট অফ ডিসেন্ট রয়েছে। সনদে স্পষ্টভাবে বলা আছে—ইশতেহারে উল্লেখ থাকলে রায় পাওয়ার পর সেটি বাস্তবায়ন করা হবে। তবে সুপারিশমালায় তেমন কোনো বিষয় নেই। আমরা এখনও সেই অবস্থানেই আছি যে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনেই হবে।”
তিনি আরও বলেন, “যারা নতুন নতুন ইস্যু তৈরি করে আন্দোলন করছেন, তাদের সঙ্গে আলাপের প্রয়োজন রয়েছে। তবে সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে, তা স্বাক্ষরকারী দলগুলোর মানার বাধ্যবাধকতা নেই। বর্তমানে দেশে প্রেসিডেন্ট অর্ডার জারি করার মতো পরিস্থিতিও নেই, কারণ সংবিধানে তার কোনো সুযোগ নেই।”
বিএনপির এই নেতা বলেন, “যদি সরকার কোনো প্রজ্ঞাপনকে আদেশ হিসেবে নাম দিতে চায় এবং সেটার আইনি ভিত্তি না থাকে, তাহলে সেটি শুধু প্রজ্ঞাপন হিসেবেই প্রকাশ করা যেতে পারে। তবে সেটি কখনোই আইনের মর্যাদা পাবে না।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ