প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম

ইনচার্জ ছাড়া ঢাকা মহানগরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
ডিএমপি জানায়, সম্প্রতি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করছেন, যার ফলে মনোযোগে ঘাটতি দেখা দিচ্ছে, সতর্ক নজরদারি কমছে এবং জননিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।
নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় শুধুমাত্র ইনচার্জ মোবাইল ব্যবহার করতে পারবেন। অন্য কোনো পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে