| শিরোনাম: |

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ হয়, যার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এতে বহু মানুষ হতাহত হতে পারেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এর ফলে আশেপাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়।
দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে, খবর পাওয়ার পরপরই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
দিল্লি পুলিশ জানিয়েছে, এটি ছিল একটি শক্তিশালী বিস্ফোরণ। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং আশপাশে তল্লাশি চলছে। ইতোমধ্যে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল, ফরেনসিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা কর্মকর্তারা পৌঁছেছেন।
বিস্ফোরণের পর পুরো দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। নিরাপত্তা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে, বিশেষ করে লাল কেল্লা, পার্লামেন্ট হাউস ও মেট্রো স্টেশনগুলোর আশপাশে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ