| শিরোনাম: |

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনায় অন্তত ৩১ বন্দি প্রাণ হারিয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অধিকাংশই শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে মারা গেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্দরনগরী মাচালা শহরের একটি কারাগারে। কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭ জন বন্দি শ্বাসরোধে ও ফাঁসিতে ঝুলে মারা যান। তবে কীভাবে দাঙ্গা শুরু হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে রোববার সকালেও একই কারাগারে সংঘর্ষে চার বন্দি নিহত হন। ওই সময় বিশেষ পুলিশ ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা কর্তৃপক্ষের দাবি, বন্দিদের একটি নতুন নিরাপত্তা ইউনিটে স্থানান্তর ও পুনর্গঠনের প্রক্রিয়া থেকেই এ সহিংসতার সূত্রপাত।
গত কয়েক বছরে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে একের পর এক দাঙ্গার ঘটনা ঘটছে, যাতে শত শত বন্দি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিলেও, সরকারের মতে এসব সহিংসতার মূল কারণ প্রতিদ্বন্দ্বী অপরাধচক্রগুলোর মধ্যে ক্ষমতা ও এলাকা দখলের লড়াই।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরেও একই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সংঘর্ষে ১৪ বন্দি নিহত ও আরও ১৪ জন আহত হন। কয়েক দিন পর উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসের এক কারাগারে আরেক দাঙ্গায় প্রাণ হারান ১৭ জন বন্দি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ