প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:০৭ পিএম

প্রতীকী ছবি
রাজধানীতে হঠাৎ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।
রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সড়কে এবং সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’-তে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এমন তথ্য আমাদের কাছে এসেছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি ও হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, এই নাশকতার ঘটনা যে-ই ঘটাক না কেন, তাকে আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।
অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ জানিয়েছে, সকালে একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে বাড়ি নং ০৬/০৮, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুরে অবস্থিত ফরিদা আক্তারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। দুইটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন এসেছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকালে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ