প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:৩০ AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ রবিবার দুপুরে হার্ট অ্যাটাক করেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, হার্ট অ্যাটাকের পর দ্রুত হাসপাতালে নেওয়া হয় ফারুককে। বিকেলে তার হার্টে ব্লক ধরা পড়ায় এনজিওগ্রামের মাধ্যমে রিং পরানো হয়।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত বিসিবির ক্রিকেট কনফারেন্সে ফারুক আহমেদ উপস্থিত ছিলেন না।
ফারুক ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ২১ আগস্ট তিনি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন এবং ৯ মাস এই দায়িত্বে ছিলেন।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে