প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:৪৮ AM

রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলেন নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।
রোববার (৯ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল জানতে পারে, ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় জাল টাকা সংরক্ষণ করা হচ্ছে। পরে রাত ১১টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৬ লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়।
ডিসি তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নূরুল হক ও সাইদুল আমিন স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারে সরবরাহের সঙ্গে জড়িত।
এ ঘটনায় ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে