প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:৪৪ AM

খুলনায় যাত্রীবাহী একটি ট্রলার ঘাটে ভিড়ানোর সময় পন্টুনে ধাক্কা লেগে দুইজন নিখোঁজ হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পশ্চিম রূপসা ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রলার পূর্ব রূপসা ঘাটের দিকে আসছিল। ঘাটে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে জোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠলেও দুজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের একজন হলেন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ও সন্ধানী ক্লিনিকের অ্যাডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু (৪০)। নিখোঁজ অপরজন একজন নারী যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
ট্রলারের যাত্রী ও সন্ধানী ক্লিনিকের আইটি অফিসার নাজমুল হাসান বলেন, “ট্রলারে অতিরিক্ত যাত্রী ছিল। ঘাটে পৌঁছানোর সময় মাঝি নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে অনেক যাত্রী নদীতে পড়ে যায়। তবে শেখ মহিদুল হক মিঠু সাঁতরে উঠতে পারেননি।”
দুর্ঘটনার পরপরই নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে