
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, হাসিনার সাথে আপস করিনি তাই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপিতে যোগদান করেছি।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মীর শাহে আলমের সভাপতিত্বে ছাত্র-জনতা সমাবেশে এসব কথা বলেন স্নিগ্ধ।
সমাবেশে তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা গত ১৭ বছর ধরে নানা ভাবে নির্যাতন করে গেছে বিএনপির নেতাকর্মীদের উপর। বিভিন্ন সময়ে গুম, খুন, হামলা মামলার ভয় ভীতি দেখিয়ে বিএনপিকে আত্মগোপনে যেতে বাধ্য করেছিলো। কিন্তু জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা মুক্ত আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তুলতে হবে।
আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছি, সেটি সমৃদ্ধ একটি বাংলাদেশ। আর এমন বাংলাদেশ গড়তে পারেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাড়া বাংলাদেশকে আর কেউ এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তৃণমূল থেকে সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে থাকলে একটি সমৃদ্ধ দেশ আমরা সকলে মিলে গড়বো।
এসময় ধানের শীষের পক্ষে তিনি ভোট চেয়ে স্লোগানে বলেন, নবীন প্রবীণ বাঁধো জোট ধানের শীষে দেবো ভোট।
এছাড়াও এসময় সমাবেশে ধানের শীষের পক্ষে স্লোগান মাস্টারের ভূমিকায় সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
এর আগে রবিবার বেলা আড়াইটার দিকে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহীসওয়ার (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর স্নিগ্ধ কথা বলেন জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে। তিনি বলেন, দল যদি তাকে যোগ্য মনে করে এবং তা দলের জন্য ভালো হয়, তবে দলের সিদ্ধান্তকে তিনি সম্মান জানাবেন। তিনি বলেন, দলে যোগ দিয়ে বগুড়া থেকেই কাজ শুরু করছি। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি। এই স্থান বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত আবেগঘন ও গুরুত্বপূর্ণ। এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে।
জিয়ারতের সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা তাজুল ইসলাম, মীর সিমান্ত, তাহেরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর