| শিরোনাম: |

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুব শক্তি শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণার পরপরই একের পর এক পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে। রবিবার বিকেল ৪টা পর্যন্ত কমিটির সদস্যসচিব আমিন মোহাম্মদ জিতুসহ মোট পাঁচজন পদত্যাগ করেছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেইজে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই প্রথম পদত্যাগের ঘোষণা দেন সদস্যসচিব আমিন মোহাম্মদ জিতু। পরে যুগ্ম আহ্বায়ক (৩) মো. কামাল হোসেন সরল, যুগ্ম সদস্যসচিব সাবরিন ইসলাম, সংগঠক রবিউল হাসান এবং যুগ্ম সদস্যসচিব (২) রেজাউল করিম আদিবও পদত্যাগের ঘোষণা দেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক কাওসার মৃধা ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এই ৪১ সদস্য বিশিষ্ট কমিটি এক বছরের জন্য ঘোষণা করেন। আমিন মোহাম্মদ জিতু পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কিছু বাধ্যবাধকতা উল্লেখ করেছেন এবং কমিটির কার্যক্রমে বিঘ্ন না সৃষ্টি করার জন্য নিজের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারীরা তাদের ফেসবুক স্ট্যাটাসে বলছেন, নবগঠিত কমিটিতে প্রত্যাশিত পদ ও সম্মান না পাওয়াই পদত্যাগের মূল কারণ। যুগ্ম সদস্যসচিব রেজাউল করিম আদিব লিখেছেন, “পদ আর মর্যাদা আলাদা হয়ে গেছে। তাই পদত্যাগ করেছি।” অন্যরা ব্যক্তিগত কারণে ও প্রত্যাশিত দায়িত্ব না পাওয়ায় পদত্যাগ করেছেন।
নবগঠিত আহ্বায়ক কাওসার মৃধা বলেছেন, এখনও কারো অফিসিয়ালি পদত্যাগপত্র তিনি পাননি। কেন্দ্রীয় সদস্যসচিব ডা. জাহেদুল ইসলামও জানিয়েছেন, বিষয়টি যাচাই করে দেখবেন।
দলীয় সূত্র বলছে, নবগঠিত কমিটিতে অসন্তোষ থাকায় আগামী দিনে আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ