| শিরোনাম: |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, দেশের প্রতিটি জেলায় খেলাধুলার প্রসার ঘটাতে বিসিবি সক্রিয়ভাবে কাজ করছে।
বুধবার (৫ নভেম্বর) বান্দরবানে জেলা স্টেডিয়াম পরিদর্শন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় বান্দরবান জেলার ক্রিকেট খেলোয়াড়দের দক্ষতা ও মানোন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
আসিফ আকবর বলেন, “পাহাড়ি জেলা বান্দরবানের খেলোয়াড়দেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও উন্নত অবকাঠামো থাকলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে বান্দরবানের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বিসিবি বিশেষ সহায়তা প্রদান করবে, যাতে স্থানীয় তরুণরা নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ পায়।
বিসিবি পরিচালক বলেন, “আমি বান্দরবানে এসেছি এখানকার বাস্তব চিত্র বোঝার জন্য। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ক্রীড়ার শক্তি অপ্রকাশিত। এই শক্তিকে কাজে লাগালে দেশের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে।”
তিনি আরও বলেন, “এখানে কোচের সংকট রয়েছে এবং পর্যাপ্ত লজিস্টিক সাপোর্টও নেই। তবে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিসিবি স্থানীয় পর্যায়ে কোচ নিয়োগ, প্রশিক্ষণ সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করবে।”
পরিদর্শনকালে স্থানীয় ক্রিকেটাররা বিসিবি পরিচালককে নিজেদের সমস্যা জানিয়ে প্রশিক্ষক, সরঞ্জাম ও টুর্নামেন্ট আয়োজনের সহযোগিতা কামনা করেন। এ সময় চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তারা, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল বাবুল, সহসভাপতি এসিংপ্রু লুবু, জেলা স্থানীয় কোচ, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ