| শিরোনাম: |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ড. রেজা কিবরিয়া বলেন,
“ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে আমার এলাকায় নির্বাচন করব। ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।”
এদিকে, রেজা কিবরিয়া যে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন, সেই আসনটি এখনো বিএনপির প্রার্থী তালিকায় ফাঁকা রয়েছে। সোমবার ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরামের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হয়েছেন। পরে নুরের সঙ্গে বিরোধের কারণে তিনি কিছুটা নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেন এবং গণঅধিকার পরিষদের পদও ছাড়েন। বর্তমানে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ