স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে ঢাকা-১২ থেকে দাঁড়াবেন।
সোমবার (৩ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা-১২ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবো।”
এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানা-এর ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ ছাড়বেন তিনি।
২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “রাজনীতিতে আছে, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।”
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।