বাংলাদেশের সবচেয়ে বেশি উঁচুতে উড়তে শুরু করেছে লাল-সবুজ পতাকা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাবান্ধা জিরোপয়েন্ট এলাকায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড এর শুভ উদ্বোধন করেছেন প্রশাসক মো. সাবেত আলী।
উদ্বোধনের শুরুতে বর্ণিল আয়োজনে বাংলাবান্ধা স্থলবন্দরের গেট হতে পতাকা হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন হাজারো স্থানীয় উৎসুক জনতা। পরে ফলক উন্মোচন করে বেলুন উড়িয়ে জাতীয় সংগীতের মাধ্যমে ফ্ল্যাগস্ট্যান্ডে পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, ১৮ বিজিবির অধিনায়ক মনিরুল ইসলাম, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিএনপির জেলা আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সচিব সারজিস আলম, জামায়াতের জেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বিসহ বিশিষ্টবর্গ।
বক্তারা বলেন, “দেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হলো পঞ্চগড়ের বাংলাবান্ধায়। দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে এখন বাংলাবান্ধায়। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই পতাকা দেখতে আসবে, যা আমাদের গর্বের বিষয়।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশের প্রবেশদ্বার হলো বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপার প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়ে। আমাদের এখানে তেমন একটি ফ্ল্যাগ স্ট্যান্ড না থাকায় আমরা এই উদ্যোগ নিয়েছি। তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি ছিল, ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। সেই দাবির বাস্তবায়নেই আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, ব্যবসায়ী, পর্যটক এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।