প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি
অধস্তন আদালতের এক হাজারেরও বেশি বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বৈঠকের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রায় ৩০০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি যুগ্ম জেলা ও দায়রা জজদের পদোন্নতি দেওয়া হবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে, সিনিয়র সহকারী বিচারকদের উন্নীত করা হবে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে, আর সহকারী বিচারকদের করা হবে সিনিয়র সহকারী বিচারক। এ বিষয়ে শিগগিরই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
একই সভায় ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক বেগম মোছাম্মৎ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব নাকচ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ধর্ষণ মামলায় স্থগিতাদেশ অমান্য করে আসামিকে জামিন দেওয়ার অভিযোগে বিচারক কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা স্থগিত করেন। পরদিন সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে তার ফৌজদারি বিচারিক ক্ষমতা স্থগিত করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়। সম্প্রতি আইন মন্ত্রণালয় তার বিচারিক ক্ষমতা পুনর্বহালের প্রস্তাব পাঠালেও আপিল বিভাগে বিষয়টি বিচারাধীন থাকায় ফুলকোর্ট সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
সূত্র আরও জানায়, সরকারের বার্ষিক ছুটির ক্যালেন্ডার এখনো প্রকাশ না হওয়ায় এবারও সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদন স্থগিত রাখা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এমএএম