প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:৫৬ AM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে যেসব প্রার্থীর নাম বিএনপি ঘোষণা করেছে, তাতে সর্বকনিষ্ঠ প্রার্থী কাজী রওনকুল ইসলামের (শ্রাবণ) নামটি তারুণ্যের প্রতিনিধিত্ব করছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর-৬ আসনে প্রার্থী হিসেবে রওনকুলের নাম ঘোষণা করা হয়।
যশোরের ছেলে কাজী রওনকুল ইসলাম ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বাংলা বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে (স্নাতকোত্তর) অধ্যয়নরত অবস্থায় ২০২২ সালে ছাত্রদলের সভাপতি হয়েছিলেন তিনি। ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে ২০২৩ সালের আগস্টে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর দুই মাসের মাথায় তাঁকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়।
মনোনয়ন পাওয়ার পর রওনকুল ইসলাম বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কেশবপুর আসনটি দীর্ঘদিন ধানের শীষের ছিল না। আমি জনগণের ভোটে এই আসন পুনরুদ্ধার করতে চাই। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দিয়ে যেন জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি, সেটাই হবে আমার প্রধান কাজ।’
বিএনপির সবচেয়ে কম বয়সী প্রার্থী এ কথা উল্লেখ করে রওনকুল বলেন, ‘বিএনপির ৩১ দফায় তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা আছে। আমি নির্বাচিত হলে বিশেষ করে কেশবপুরের তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে আমি কাজ করব। তরুণদের মাদক থেকে সরিয়ে কীভাবে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার দিকে নেওয়া যায়, তাঁদের ক্যারিয়ারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়ে আমি কাজ করব। পাশাপাশি দলকে শক্তিশালী করার জন্য কাজ করব।’
স্বদেশ প্রতিদিন/এমএস