| শিরোনাম: |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঘোষিত তালিকাটি চূড়ান্ত নয়, তবে ‘অ্যাপ্রোপ্রিয়েট’ বা উপযুক্ত। প্রয়োজনে যেকোনো সময় এ তালিকা পরিবর্তন করা হতে পারে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল।
তিনি জানান, আসন্ন নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসনে।
নাম ঘোষণার পর মির্জা ফখরুল বলেন, “২৩৭টি আসনে আমরা সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছি। এর মধ্যে যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে আসনবিন্যাসে পরিবর্তন হতে পারে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের তালিকা। আমাদের স্থায়ী কমিটি চাইলে যেকোনো সময় পরিবর্তন আনতে পারে।”
প্রার্থীদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ