প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সহসভাপতি ও কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী এবং বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সামাজিক আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে