প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ AM

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘উন্মাদের মতো কথা বলেন’।
রোববার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দেশের পোশাক ও টেক্সটাইল খাতের চলমান সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
শওকত আজিজ রাসেল বলেন, “তার একটা ফেসবুক পেজ আছে—উল্টোপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন। সঠিক ব্যক্তি যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে সঠিক সিদ্ধান্তও আসবে না।”
সম্প্রতি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দুঃখজনক বিষয় হলো, এখন পর্যন্ত বিজিএমইএ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মিটিংও করতে পারেননি। তাহলে দায়িত্ব নেওয়ার মানে কী?”
বিটিএমএ সভাপতি আরও বলেন, “বিগত সরকারের সময় যেসব ‘খেলাধুলা’ হয়েছে, সেই একই কৌশল আবার শুরু হয়েছে। আমরা সবাই ধুঁকছি—ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, শ্রমিক চাকরি হারাচ্ছে, অথচ প্রেস সচিব এসব দেখেন না!”
তিনি আরও যোগ করেন, “যেখানে এয়ারপোর্টে আগুন লাগে, সেখানে বিদেশি ক্রেতারা কি অর্ডার দিতে আসবে? এসব ঘটনায় অদৃশ্য ক্ষতি (ইনটেনজিবল লস) অনেক বেশি।”
শেষে সরকারের উদ্দেশে শওকত আজিজ রাসেল বলেন, “নির্বাচনের মাধ্যমে দেশের অর্থনীতি ও শিল্পখাতকে মুক্তি দিন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে