| শিরোনাম: |

দেশের বিনোদন জগতে একসময় বেশ জোরালো গুঞ্জন উঠেছিল—জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে ছিলেন তাসনিয়া ফারিণ। সেই গুঞ্জন নিয়ে দীর্ঘদিন মুখ না খুললেও অবশেষে বিষয়টি স্পষ্ট করলেন অভিনেত্রী নিজেই।
মূলত একটি নাটকে একসঙ্গে কাজ করার পর থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। সময় গড়ালেও বিষয়টি সম্প্রতি আবার আলোচনায় আসে, এক সাক্ষাৎকারে ফারিণের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠার পর।
ছোটপর্দা থেকে বড়পর্দায় এখন সফল নায়িকা ফারিণ। শুধু দেশে নয়, ওপার বাংলার চলচ্চিত্র অঙ্গনেও তিনি পরিচিত মুখ। সম্প্রতি কলকাতায় সফরকালে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল মল্লিক ও দেবের সঙ্গে দেখা করেন তিনি। সেই সফর ঘিরে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
বিয়ের পরও কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে ফারিণ বলেন, ‘আপনারা হয়তো ভবিষ্যতে আমার উদাহরণ দেবেন—অল্প বয়সে বিয়ে করেও আমি কাজ চালিয়ে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কখন বিয়ে করবেন, সেটি তিনিই ঠিক করবেন। আমার ক্ষেত্রে দেখছি, বিয়ের পর কাজ আরও বেড়েছে।’
এরপর তাহসানের সঙ্গে পুরোনো গুঞ্জনের প্রসঙ্গ উঠতেই ফারিণ স্পষ্টভাবে বলেন, ‘বিষয়টি পুরোপুরি ভুলভাল ছিল। আমি কখনো আমার সত্যিকারের প্রেমের কথা প্রকাশ করিনি। তাই মানুষ কিছু না জেনে তাহসানের নাম জড়িয়ে দেয়। পরে যখন আমার প্রেমিককে—বর্তমানে আমার স্বামীকে—সবাইয়ের সামনে আনলাম, তখনই ভুলটা পরিষ্কার হয়।’
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। অনেকদিন পর প্রকাশ্যে এনে স্বামীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন এই জনপ্রিয় অভিনেত্রী।
স্বদেশ প্রতিদিন/ আরএফ