প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৬:১০ PM

সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে তা আমি দেখতে চাই: হাসনাত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার না হলে নির্বাচন কেমন করে হবে? এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে, যদি গণঅভ্যুত্থান-পরবর্তী এই সরকারের জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে; তা আমি দেখতে চাই।
তিনি বলেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে। নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তারাই, যারা এই সরকারের সঙ্গে জুলাই সনদের একটি মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে চায়। সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে অবশ্যই ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।
আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে ভোলার জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, “যারা জুলাই সনদ চায় না, তারা বাংলাদেশকে কোন দিকে নিতে চায়? তারা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে, সেটি জনগণের বুঝে ফেলার কথা। আমরা তাদের সঙ্গেই জোট করব, যাদের অবস্থান সংস্কারের পক্ষে এবং ২৪-এর যে জনআকাঙ্ক্ষার কারণে এই পরিবর্তন ঘটেছে, সংবিধানিক রাষ্ট্রের কাঠামোর দুর্বলতা উত্তরণের জন্য যারা আমাদের পাশে আসবে। আমাদের সঙ্গে থাকবেন তাদের নিয়েই আমাদের জোট হতে পারে।”
গণভোটের সঙ্গে এই আদেশের একটি অর্ডার থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, “এই আদেশ অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটি পক্ষ চায় চুপ্পু এই আদেশে স্বাক্ষর করুক। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের স্বাক্ষর নিতে হয়, তাহলে আমাদের সবার ভালো নদীতে ডুবে যাওয়া।”
সভায় এনসিপির ভোলা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয়, জেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সকালে তিনি বরিশাল থেকে স্পিডবোটে ভোলায় আসেন।