প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদীতে ডিঙি নৌকা ডুবির ঘটনায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী (৬) নামে এক শিশু। শনিবার (১ নভেম্বর) সকালে শেষ দফায় তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার আনারবাড়ী ঘাটে পাঁচ শিশু নৌকায় খেলতে গিয়ে নদীতে পড়ে যায়। তাদেরকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয়রা ও স্বজনেরা প্রথমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে সন্ধ্যার দিকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা হলো আবু সাইদ (৭), মরিমা আক্তার (৫), ছাইবা আক্তার (৬) ও কুলছুম (৭)। শনিবার সকাল ৯টার দিকে উদ্ধার অভিযান পুনরায় শুরু হলে নিখোঁজ থাকা কুলছুমের মরদেহও উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী (৬)।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, “শনিবার সকালে ডুবুরি দল নামানো হলে কুলছুমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। নিখোঁজ বৈশাখীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
একই পরিবারের ভাই-বোনসহ চার শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নদীর তীরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিখোঁজ বৈশাখীকে জীবিত বা মৃত অবস্থায় ফেরত পাওয়ার অপেক্ষায় ব্যাকুল পরিবার ও গ্রামবাসী।
স্বদেশ প্রতিদিন / কেআইকে