প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:১৬ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ১০:৪৫ PM

ফাইল ছবি
জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ড. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য ঢাকার নজরে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’
এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত আশা করে— জাকির নায়েক যদি ঢাকা সফরে আসেন, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সে একজন পলাতক আসামি। ভারতে তার খোঁজ চলছে। তাই আমরা আশা করি, সে যেখানেই যাক, সেখানকার কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তার উদ্বেগগুলো দূর করবে।’
এর আগে গত ২৮ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাকির নায়েকের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। রাষ্ট্রীয় আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন— এমন তথ্যও তার জানা নেই বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। নিজের আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে জানান রাজ। প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর