প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার বক্তব্যকে বিভ্রান্তিকর, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আলাল যে বক্তব্য দিয়েছেন, তা জাতীয় ঐক্য বিনষ্টকারী ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, “আলালের এ ধরনের মন্তব্যে স্পষ্ট বোঝা যায়— তিনি কাউকে খুশি করার জন্য জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর ধ্বনিত হচ্ছে।”
জামায়াত নেতা আরও বলেন, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে। কিন্তু জাতি এখন এসব সম্পর্কে সচেতন।
মাওলানা আবদুল হালিম বলেন, “বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আলালের এমন বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী। বর্তমানে রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐকমত্য ও পারস্পরিক সহনশীলতার প্রয়োজন, কিন্তু তার এই উসকানিমূলক মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। তাই দলটিকে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত।
শেষে মাওলানা আবদুল হালিম বলেন, ভবিষ্যতে জাতীয় ঐক্য নষ্টকারী ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি মোয়াজ্জেম হোসেন আলালকে।
স্বদেশ প্রতিদিন/এনআর