
সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ ও খলনায়ক আশরাফুল হক ডন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সেই বন্ধুত্ব নিয়েই কথা বলেছেন সালমানের আরেক ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা সাইফুল।
পুরনো স্মৃতি স্মরণ করে সাইফুল জানান, কলকাতায় শুটিং চলাকালে অভিনেতা হেলাল খানের ফোনে তিনি সালমান শাহর মৃত্যুর খবর পান। খবরটি প্রথমে বিশ্বাস করতে না পেরে তিনি স্বপন সাহাকে ফোন করে বিষয়টি নিশ্চিত হন।
সেই মুহূর্তের কথা বলতে গিয়ে সাইফুল বলেন, “সালমান শাহ মারা গেছে, এই খবরটা মেনে নিতে পারছিলাম না। ওর আত্মহত্যার কোনো কারণই ছিল না। এত সুন্দর, সফল, সুখী এক মানুষ কেন আত্মহত্যা করবে? এটা একদমই বিশ্বাসযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “২৯ বছর পর যা শুনছি, তা আরও অবিশ্বাস্য; সালমান শাহকে হত্যা করা হয়েছে, আর সেই ঘটনায় জড়িত তার সবচেয়ে প্রিয় বন্ধু ডনের নাম! যাকে সালমান সবচেয়ে বেশি বিশ্বাস করত, সে-ই যদি এমন কিছু করে, তাহলে সত্যিই কলিজার বন্ধু বলে কিছু থাকে না। মান্না ভাই ঠিকই বলেছিলেন, শোবিজে কেউ কারও বন্ধু না।”
সালমান শাহ ও ডনের বন্ধুত্বের স্মৃতি টেনে সাইফুল বলেন, “একবার ‘স্নেহ’ ছবির শুটিংয়ে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। কিন্তু সালমান বলল, সে খাবে না, ডন না আসা পর্যন্ত। তখন ডন কাকরাইলে ছিল। ও আসার পরই সালমান খাওয়া শুরু করল। শুধু খাওয়া নয় গান, খেলাধুলা, সময় কাটানো সবকিছুতেই ডন ছিল সালমানের সঙ্গে।”
শেষে সাইফুল বলেন, “সালমান হত্যায় জড়িতদের আইনের কাঠগড়ায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির মানুষদেরও উচিত এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। কারণ, যদি সালমান আজ বেঁচে থাকত, তবে চলচ্চিত্রজগৎ এতটা নিম্নমুখী হতো না।”
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের একটি ফ্ল্যাটে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। মামলার চার নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন তার ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল হক ডন।