চাকরির প্রলোভনে বাসায় ডেকে তরুণীকে ধর্ষণ, অতঃপর...
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ AM আপডেট: ০১.১১.২০২৫ ১১:৫৫ এএম

রাঙ্গামাটিতে চাকরির প্রলোভন দেখিয়ে নিজ বাসায় ডেকে এনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সালাউদ্দিন রাঙ্গামাটি শহরের কসমস আবাসিক হোটেল ও মায়ের দোয়া নার্সারির মালিক।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে সালাউদ্দিন তাকে চাকরি দেওয়ার নাম করে নিজ বাসায় ডেকে নিয়ে বিকেল ৫টা পর্যন্ত একটি কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে সেখান থেকে মুক্ত হলে সন্ধ্যায় কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী তরুণীকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএস