| শিরোনাম: |

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, এবি ট্রাস্টের চেয়ারম্যান এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “আগামী বিশ্ব প্রযুক্তিনির্ভর হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে শুধুমাত্র জ্ঞান নয়, প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করা প্রয়োজন।”
শিমুল বিশ্বাস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে আত্মনির্ভরশীল হও। দেশের ভিতরে এবং বাইরে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। তাই শিক্ষার পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে গভীর ধারণা থাকা জরুরি। আমি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সবসময় এই স্কুলের পাশে থাকব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, “দেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে শিক্ষার্থী, পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থী যেন স্বাধীনভাবে সামাজিক দায়িত্ববোধের সঙ্গে তার কাজ সম্পন্ন করতে পারে।”
জেলা বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির প্রাক্তন নেতৃবৃন্দ সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
শিমুল বিশ্বাস আরও বলেন, “প্রযুক্তির কল্যাণকর দিককে গ্রহণ কর, অকল্যাণকর দিক থেকে বিরত থাকো। যাতে তোমরা পরিবারের এবং দেশের জন্য গর্বের কারণ হতে পারো।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ