প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম

ফাইল ছবি
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেবেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “২৭০ দিন আলাপ-আলোচনার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, তা হতাশাজনক। এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাস করা যায়- এটা আমাদের দুরূহ একটা চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়েছে।”
এটা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করবেন উল্লেখ করে তিনি বলেন, “তারা এখন যে অনৈক্য দেখাচ্ছেন, এটা তাদের বিবেচনা করা উচিত। আমরা কমিশনের সুপারিশ নিয়েছি। সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে।”
আমরা বুঝতে পারছি না যে এত দিন ধরে আলোচনা করে ঐকমত্য কেন আসে না উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “এটা নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। তাদের আলোচনার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দল যদি মনে করে সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, সেটা গ্রহণযোগ্য হবে না।”
এদিন সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।