প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:৫০ পিএম

বাগেরহাট শহরের মুনিগঞ্জ সেতুর নিচের পিলারের বেজমেন্ট থেকে ইব্রাহিম শেখ (৬০) নামের এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তবে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত ইব্রাহিম শেখের পায়ে আঘাতের চিহ্ন ছিল। উদ্ধারকালে তিনি সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত ছিলেন, পায়ে ছিল কালো রঙের জুতা ও মোজা।
নিহত ইব্রাহিম শেখ বাগেরহাট শহরের নোনাডাঙ্গা এলাকার বাবর আলী শেখের ছেলে। তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ব্যবসা করতেন এবং সেখানেই স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন। তবে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে নির্মিত নিজ বাড়িতেও মাঝে মাঝে আসতেন।
স্থানীয়দের দাবি, ওই বাড়িটি বিক্রির জন্যই ইব্রাহিম শেখ সম্প্রতি ঢাকা থেকে বাগেরহাটে এসেছিলেন। তবে মৃত্যুর সময় তিনি একাই ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “হাসপাতালে মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে, ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে