প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:২৭ পিএম

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ হায়দার আলী। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪০ লাখ টাকারও বেশি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গালফ নিউজ জানায়, ৩১ বছর বয়সী হায়দার আলী আমিরাতের আল আইনে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। তিনি সাপ্তাহিক ই-ড্র লটারিতে এই সোনা জেতেন।
হায়দার জানান, গত দুই বছর ধরে চার থেকে পাঁচজন বন্ধু মিলে নিয়মিত লটারির টিকিট কিনতেন তারা। অবশেষে ভাগ্য খুলে এবার জিতেছেন ২৫০ গ্রাম সোনা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, লটারি কর্তৃপক্ষ যখন হায়দার আলীকে ফোন করে বিজয়ের খবর জানায়, তখন তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তিনি ভেবেছিলেন, কেউ হয়তো মজা করছেন। কিন্তু বিষয়টি সত্যি বুঝতে পারার পর তিনি ও তার বন্ধুরা আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন।
লটারিতে পাওয়া সোনার বার কীভাবে ব্যবহার করবেন, তা এখনো ঠিক করেননি হায়দার।
এর আগে গত সপ্তাহে আরেক বাংলাদেশি প্রবাসী, ইলেকট্রিশিয়ান মানসুর আহমেদ, একই ই-ড্র লটারিতে ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা জিতেছিলেন।
দুই সপ্তাহের ব্যবধানে দুই বাংলাদেশি প্রবাসীর এ সৌভাগ্য প্রবাসী সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: গালফ নিউজ
স্বদেশ প্রতিদিন/কেআইকে