চট্টগ্রামের আনোয়ারায় সরকারি রাস্তার নির্মাণ সামগ্রী আত্মসাৎ করে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে চাতরী ইউনিয়নের ১নং মহতর পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান আজাদের বিরুদ্ধে।
এ ঘটনায় মহতর পাড়া গ্রামের সচেতন নাগরিকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, মহতর পাড়া গ্রামের দক্ষিণ দিকে মাঝের বাড়ি সড়কের আরসিসি ডালাইয়ের কাজ শেষ হওয়ার পর বেশ কিছু বালু, সিমেন্ট ও কংক্রিট অবশিষ্ট থাকে। ওই সামগ্রী দিয়ে জসিমের দোকান থেকে বারেকের ঘর পর্যন্ত ভাঙা রাস্তা সংস্কারের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা না করে ইউপি সদস্য আবদুল মন্নান এসব বালু, সিমেন্ট ও কংক্রিট আত্মসাৎ করে নিজের ঘরের চারপাশে ডালাইয়ের কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন- জনগণের টাকায় নির্মিত রাস্তার অবশিষ্ট সামগ্রী কেন ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলো?
স্থানীয় বাসিন্দা রিয়াজ উদ্দিন জিকু বলেন, “ইউপি সদস্য আবদুল মন্নান একজন দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি। সরকারি রাস্তার কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত নির্মাণ সামগ্রী আত্মসাৎ করে তিনি নিজের বাড়ির চারপাশে ডালাইয়ের কাজে ব্যবহার করেছেন। এটি স্পষ্ট দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার।”
অন্য এক বাসিন্দা মো. রিপন বলেন, “জনগণের টাকায় কেনা সামগ্রী ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা অত্যন্ত অনৈতিক। প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মন্নান আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কাজ আমি করিনি।”
অভিযোগ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”