প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:৩১ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ধোঁয়া দেখে দ্রুত বাস থামানোয় অল্পের জন্য রক্ষা পেয়েছেন সকল যাত্রী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটির চালক মো. শাহজালাল জানান, সকাল ১১টার দিকে বাসটি বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাত্রা করে। “উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। আমি সঙ্গে সঙ্গে গাড়ি থামাই। এরপরই আগুন ধরে যায়, তবে সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন,” বলেন তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হই। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, আগুন লাগার কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ইঞ্জিন বা বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে