প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:০১ AM

নোয়াখালীর বেগমগঞ্জে ১৫টি মাদক মামলার আসামি মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহিরকে (৩৪) গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনী। বেগমগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-৩, ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। গ্রেপ্তার মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৫) লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের মাদককারবারি জাইল্লা জহির। গতকাল রোববার রাত ৯টার দিকে ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে যাত্রী বেশে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুরে ইয়াবা নিয়ে যাবে, এমন গোপন সংবাদে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র্যাব-১১, সিপিসি-৩, ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে যাত্রী বেশে বসে থাকা মাদক কারবারি জহিরের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়েছে। তার বিরুদ্ধে নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি। আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/রাফি