প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:০০ পিএম

প্রতীকী ছবি
যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আলিহিম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে দক্ষিণ ঘিবা গ্রামের মো. আজিজুল রহমানের পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পরে নিহতের মামা হাবিবুর রহমান লাশের পরিচয় শনাক্ত করে জানান, মৃত আলিহিম তার ভাগ্নে। তিনি বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদীপুর গ্রামের মো. শাহাদাৎ মোল্লার ছেলে। আলিহিম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই সাদীপুর থেকে মামার বাড়ি ঘিবা গ্রামে যাতায়াত করতেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মানিক বলেন, মৃত্যুটি একটি স্বাভাবিক মৃত্যু, অসাবধানতাবশত তিনি রাস্তা থেকে ডোবার পানিতে পড়ে মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএস