প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:২৮ AM

সংগৃহীত ছবি
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বিরল ও চমকপ্রদ ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) আসামের বিপক্ষে সার্ভিসেস দলের দুই বোলার—স্পিনার অর্জুন শর্মা এবং পেসার মোহিত জাঙ্গরা—একই ইনিংসে হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়েছেন। এই বোলিং আক্রমণে আসামের প্রথম ইনিংস মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে।
২৪ বছর পর আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে রঞ্জি ম্যাচ ফেরার দিনে স্বাগতিকদের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেন সার্ভিসেসের স্পিনার অর্জুন শর্মা। তিনি আসামের অধিনায়ক রায়ান পরাগকে আউট করার পরের দুই বলে যথাক্রমে উইকেটরক্ষক সুমিত ঘাড়িগাঁওকর ও শিবশঙ্কর রায়কে ফিরিয়ে দিয়ে চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি পূর্ণ করেন।
এরপরই মঞ্চে আসেন বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা। তিনি ১৫তম ওভারের শেষ বলে আসামের ওপেনার প্রদ্যুন সাইকিয়াকে বোল্ড করেন। এরপর নিজের পরের ওভারের প্রথম দুই বলে মুখতার হোসেন ও ভার্গব লাখারকে ফিরিয়ে দিয়ে নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকটি তুলে নেন।
এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা রঞ্জি ট্রফিতে এটি দ্বিতীয়। এর আগে ১৯৬৩ সালে সার্ভিসেসেরই পেসার জোগিন্দার রাও একাই এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করার অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন। তবে এক ইনিংসে দুজনের হ্যাটট্রিক রঞ্জি ট্রফিতে এটিই প্রথম।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের পঞ্চম ঘটনা এটি। প্রথম এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের হয়েই খেলা বোলার আলবার্ট ট্রট। ১৯০৭ সালে মিডলসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টিতে তিনি এই কীর্তি গড়েছিলেন। দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন ভারতের জোগিন্দার রাও। এক ইনিংসে একই বোলারের দুই হ্যাটট্রিকের ঘটনা এই দুটিই।
এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিক করার ঘটনা প্রথম ঘটে ১৯৮৬ সালে। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্লাইভ রাইস ও গার্থ লেরু জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। এরপর ১৯৯৬ সালে ডিন হেডলি ও মার্টিন ম্যাকক্যাগ ক্যান্টেরবুরিতে হ্যাম্পশায়ারের দ্বিতীয় ইনিংসে একটি করে হ্যাটট্রিক করেন। এই ঐতিহাসিক তালিকায় সর্বশেষ নাম লেখালেন সার্ভিসেস দলের দুই বোলার।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ