প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:৩২ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৬:৩৯ PM

কুষ্টিয়া সদর উপজেলায় লালন একাডেমির সংগীত শিল্পী রতন (৪২) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রতন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি কুষ্টিয়ার সাংস্কৃতিক সংগঠন শিল্পী সমাজ-এর সহ-সভাপতি এবং লালন একাডেমির নিয়মিত সংগীত শিল্পী হিসেবে পরিচিত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ছেঁউরিয়া লালন মাজার এলাকায় গানের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রতন। পথে মিললাইন এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “রাত দুইটার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত।”
লালন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভবের হাট সংগীত একাডেমির সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, “রতন একজন প্রতিভাবান লালন সংগীতশিল্পী। তার ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।”
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুমারখালী ও মডেল থানা যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে