প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯:০৫ AM

সংগৃহীত ছবি
বাগদাদের বাতাসে আবারও ছড়িয়ে পড়েছে পুড়ে যাওয়া দেশলাইয়ের মতো তীব্র সালফারের গন্ধ। এতে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
আজ শনিবার (২৫ অক্টোবর) শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরাকের বিভিন্ন ইটভাটা ও ভারী জ্বালানি ব্যবহারকারী কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে রাজধানীজুড়ে সালফারের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই গন্ধ পুড়ে যাওয়া দেশলাইয়ের মতো তীব্র ও শ্বাসরুদ্ধকর বলে বর্ণনা করেছেন বাসিন্দারা।
খবরে আরও জানানো হয়, দুর্গন্ধ রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়িয়ে শহরের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে গেছে। বহু নাগরিক জানিয়েছেন, সন্ধ্যার পর গন্ধ এতটাই অসহ্য হয়ে ওঠে যে জানালা বন্ধ করে ঘরে থাকা ছাড়া উপায় থাকে না।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ইরাক বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে ৩৭তম এবং আরব অঞ্চলে ৬ষ্ঠ স্থানে রয়েছে। দ্রুত কার্যকর পরিবেশ নীতিমালা না নিলে দেশটির জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে তারা সতর্ক করেছেন।