প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:২৯ পিএম

প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় মোট ১৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন নেতাকর্মীর পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগ সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), রাজধানীতে দলের মিছিল-সমাবেশে অংশ নেওয়া আওয়ামী লীগের সক্রিয় কর্মী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), ঝটিকা মিছিলে অংশ নেওয়া মো. রিয়াজ উদ্দিন (৪৯) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।
তালেবুর রহমান জানান, সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি-সাইবার বিভাগের একটি টিম এখলাস মিয়া ও পোস্তাগোলা এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে আদাবর এলাকা থেকে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মো. জিয়াউর রহমানকে গ্রেফতার করে। ভোরে গুলিস্তানের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়েল, রনি, রিয়াজ ও আক্তারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।