প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ পিএম

পটুয়াখালী সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের কোদালের আঘাতে জামাই নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টায় উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অভিনাশ চন্দ্র দাস (৪২) ওই উপজেলার লাউকাঠী ইউনিয়নের ঢেউখালি গ্রামের সুভাষ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিনাশ শ্বশুরবাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেলে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্থ ও গহনা ফেরত চান। এ সময় শ্বশুর শান্তি দাস (৫৫), শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসের সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে শ্বশুর কোদাল (মাটির কাটার যন্ত্র) দিয়ে অভিনাশের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পরপরই শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এসএম