প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ পিএম

ফাইল ছবি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে সরকারি নির্ধারিত ৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী নিজেই স্বীকার করেছেন, নাস্তা খাওয়ার জন্য অতিরিক্ত ২ টাকা নিচ্ছেন তিনি, আর এ বিষয়ে কর্তৃপক্ষও অবগত।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে এই অনিয়মের সত্যতা পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগের টিকিট কাউন্টারে লাইন ধরে অপেক্ষা করছেন সেবাপ্রার্থীরা। প্রতিজন রোগীর কাছ থেকে সরকারি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নিচ্ছেন কাউন্টারম্যান ও ড্রাইভার পদে কর্মরত সাদ্দাম হোসেন। তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২ টাকা বাড়তি নিচ্ছি নাস্তার জন্য। বিষয়টা কর্তৃপক্ষ জানে।
কয়েকজন রোগী জানান, প্রতিদিন শত শত মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ২ টাকা দিচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য মাত্র ৩ টাকা হলেও কর্তৃপক্ষের অবহেলায় অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ফলে দৈনিক প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে রোগীদের কাছ থেকে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহ উদ্দিন স্বদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে আগে কোনো অভিযোগ পাইনি। এখন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে সরকারি নির্ধারিত ৩ টাকা অনুযায়ী টিকিট বিক্রি করা হবে। আমার কর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে, যেন এমন ঘটনা আর না ঘটে।
অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, লোকবল সংকটের কারণে ড্রাইভার ও প্রহরীদের দিয়েই টিকিট কাউন্টার চালাতে হচ্ছে।
উল্লেখ্য, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। হাসপাতাল সংস্কার ও সেবার মান উন্নয়নের দাবিতে স্থানীয় শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলনও করেছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো