
সংগৃহীত ছবি
বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি সরকারের কাছে শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হয়ে তাদের দাবি ও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
ওই সমাবেশে এ্যানি বলেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু ২০ শতাংশ হয়তো পাননি। ৫ শতাংশ বাড়ি ভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে। তবে এখন এমন কোনো কাজ করা যাবে না, যেখানে মানুষের যেন ক্ষতি না হয়।’
এ সময় শিক্ষকদের সুশৃঙ্খলভাবে ৯ দিন ধরে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে শিক্ষকদের এসব দাবির প্রতি নীতিগতভাবে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।
শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে উল্লেখ করে এ্যানি বলেন, ‘তারেক রহমান আন্দোলনের আগেই বলেছেন, নির্বাচনের বিএনপি সরকার গঠন করলে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এটি ছোট কথা নয়, কমিটমেন্ট। দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম। শিক্ষকদের এতদিন আন্দোলন করার কথা ছিল না।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘শিক্ষকদের বার বার রাস্তায় নামতে হয়। আগামীদিন যেন আন্দোলন করতে না হয়, সে জন্য পূর্ণ জাতীয়করণ করার কথাই পুনর্ব্যক্ত করছি। মর্যাদার জায়গায় আপনাদেরকে আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, কষ্ট করছেন।
গতকাল রবিবার বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এই প্রজ্ঞাপন প্রত্যাখান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন তারা। একই চলছে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন।
৯ম দিনের মতো এই অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।
অন্যদিকে, শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছেন। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ