প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:০৩ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ১০:২৩ PM

ঢাকা- ১৫ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ স্বাক্ষর হলেও কিছু দল এখনো ষড়যন্ত্রের বীজ বপন করেই চলছে। এদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে।
আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুরের এক গণসংযোগে তিনি এসব কথা বলেন। মামুন হাসানের পক্ষে গণসংযোগ করে স্থানীয় বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এদিন ধানের শীষে পক্ষে ভোট ও সমর্থন চেয়ে মিছিলটি শনিবার বিকেলে রাজধানীর শেওড়াপাড়া তালতলা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্তর হয়ে সেনপাড়া ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত ঢাকা- ১৫ আসনে প্রার্থী ও আগামী নির্বাচনের ধানের শীষের প্রার্থী মামুন হাসান হাজারো নেতাকর্মী ও এলাকাবাসীকে অভিবাদন জানান।
এই নির্বাচনকে আপনারা হালকা করে দেখার কোন সুযোগ নেই উল্লেখ করে সাবেক ছাত্রনেতা মামুন হাসান বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই এই নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে। আপনারা খেয়াল করেছেন, এই জুলাই সনদ নিয়ে গতকালকেও অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়েছে। দুই/তিনটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল গত শুক্রবার জুলাই সনদে সই করেছে।”

তিনি আরো বলেন, “জুলাই সনদ মানে আপনারা জানেন- যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন, তাদের ব্যাপারে কিছু সিদ্ধান্ত সেটা জুলাই সনদে উল্লেখ আছে। এটাকে কেন্দ্র করে একটি বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। আমরা আশা করি, এই বিভাজন নিরসন হবে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই বাংলাদেশে নির্বাচন হবে।”
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ