প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:০১ AM

সংগৃহীত ছবি
অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলি ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।শুক্রবারের এ ঘটনার তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু, স্থানীয় চিকিৎসক ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছেন, অপরজন ১৭ বছর বয়সী এক কিশোর, যিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাকে জানান, ইসরায়েলি পুলিশ ও সেনারা শহরটিতে অভিযান চালিয়ে কয়েকজন যুবককে ধাওয়া করে এবং গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। অভিযানের সময় শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ফলে স্থানীয়দের চলাচলে চরম বাধা সৃষ্টি হয়।
এই অভিযানটি ঘটে কয়েক ঘণ্টা পর, যখন ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে এক ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যা করে।
এর আগে, বৃহস্পতিবার হেবরনের দক্ষিণে আর-রিহিয়া গ্রামে ফুটবল খেলতে থাকা এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত এক বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।