রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া মোহনপুর বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল ও দখল হওয়া খাল পুনঃখননের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ৫ গ্রামের ভুক্তভোগী কৃষক।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ স্কুলের সামনের সড়কে কয়েক হাজার কৃষক বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়। এরপর বিক্ষোভকারীরা নিজেদের অর্থায়নে এক্সকেভেটর (ভেকু) মেশিন দিয়ে খাল পুনঃখনন কাজ করে।
এসময় বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, অবৈধভাবে খাল দখল হওয়ার কারণে মোহনপুর বিলের পানি সময় মতো নিষ্কাশন হচ্ছে না। এতে করে তারা মৌসুমের শুরুতে কোনো ফসল আবাদ করতে পারছে না। ফলে কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা কৃষি অফিসে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এরপর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীরাদের আশ্বস্ত করে বলেন, “কৃষকদের ন্যায় সঙ্গত দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।”