
পঞ্চগড়ে আলুর তৈরি রকমারী খাবার প্রদর্শনী
বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আলুর রকমারী খাবারের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, পঞ্চগড় এবং বাস্তবায়ন করেছে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন নারী কর্ণার চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে আলু দিয়ে তৈরি রকমারী খাবারের মধ্যে আলুর লুচি, চিপস, পাকোরা, পুরি, সিঙ্গারা, চপ, চটপটি, সামুচা, পটেটো বন, কাবাব, ললি চিপস, পায়েশ, আলুজ, রোল, ফ্রেন্স ফ্রাই, নাগেস, ললিপপসহ প্রায় ৩০ প্রকার খাবারের সমাহার ছিল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কৃষি বিপণন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের কর্মকর্তা মো. আব্দুর রহিম, ফ্লোয়ার আসাদুস জামান (বাবু), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, উদ্যোক্তা মমতাজ পারভীন মম প্রমুখ।
উদ্যোক্তা মমতাজ পারভীন মম বলেন, আলুর বিভিন্ন রকমের খাবার তৈরীতে প্রয়োজনীয় সরঞ্জামাদি জেলা কৃষি বিপণন অধিদপ্তর পঞ্চগড় থেকে সরবরাহ করেছেন। এই সরঞ্জামাদি ব্যবহার করে তিনি আলুর মুখরোচক খাবার ও বিভিন্ন প্রকার আঁচার তৈরি করে উপজেলা, জেলা ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন। তার তৈরীকৃত আঁচার ইতিমধ্যেই অনেক সুনাম অর্জন করেছে এবং তিনি এতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি আলুর প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, প্রদর্শনীর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে আলু কেবল সবজি হিসেবে নয়, বরং বিভিন্ন রকমারী খাবার তৈরীর উপকরণ হিসেবে ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এবং এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।