গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সেখানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে শিশু-কিশোরসহ আগতরা হাতে-কলমে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে ধারণা লাভ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন এবং বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সিরাজুম মণি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে