আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সেক্রেটারিয়েট করার জন্য আগামী কয়েক কয়েক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের প্রস্তাব পেশ করা হবে।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, “সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিলো। আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে। কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে। এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে।”
ধারণা প্রকাশ করে তিনি বলেন, “মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করবো। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমার ধারণা এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারবো।”
আইন উপদেষ্টা বলেন, “উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়। আমার কাছে মনে হয় এটার কি উত্তরণ হয়েছে? আগের সরকারের আমলে দেখতাম যারা সরকারে থাকতো তারা অন্য রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতো। আর এখন উপদেষ্টা পরিষদের থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছা মতো সমালোচনা করা হচ্ছে; হুমকি দেওয়া হচ্ছে! এটা তো ভালো। এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়।”
এছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপারে বদ্ধ পরিকর। এটা নিয়ে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা, আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।’’