প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের বিষয়ে একমত থাকলেও, গণভোটের সময় ও প্রক্রিয়া এবং সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় ‘অতি জরুরি’ বৈঠক অনুষ্ঠিত করছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এর আগে ঐকমত্য কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠকও করেন।
৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবকে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করার কথা রয়েছে।
তবে সনদ বাস্তবায়নের উপায় এখনো নিয়ে ঐকমত্য হয়নি। কিছু দল সনদে স্বাক্ষর করার আগে ঐকমত্য কমিশনের সুপারিশ দেখতে চায় এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চিত হতে চায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মঙ্গলবার রাতে কমিশনের সঙ্গে বৈঠকে জানিয়েছে, ‘সাংবিধানিক আদেশ’ জারি না হলে তারা সনদে স্বাক্ষর করবেন না। অন্যদিকে, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি পরিষ্কার না হওয়ায় জামায়াতে ইসলামীও সনদে সই করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।