মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ করা দরকার।
আজ বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও কেমিক্যাল গুদাম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
যে মানুষগুলো মারা গেছেন তাদের বিষয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি আরো
বলেন, “হাসপাতালের হেল্প ডেস্ক ও সমাজকর্মীরা এ বিষয়ে ফলোআপ করবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নিয়ে বসবে। তাদের বিষয়ে সরকার প্রয়োজনীয়
সহযোগিতা করবে। নিখোঁজদের বিষয় ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করতে
হলে এক্সপার্টদের সাহায্য লাগবে।”
সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে উল্লেখ করে শারমীন এস মুরশিদ বলেন, “আমি এখানে দেখতে এসেছি এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, এগুলো হচ্ছে বেআইনি জায়গা। কেমিক্যাল মজুতে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। যেন জনবহুল এলাকায় এ ধরনের ক্ষেত্রগুলো না থাকে।”
আমার যেটা করণীয় আমি সেটি অতি দ্রুত করতে চাই উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এক্সপার্টদের বুদ্ধি নিয়ে কাজটি করতে হবে। এখানে পুলিশসহ অনেককে লাগবে। যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু নিয়ে ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের এবং আমি সেটি করব।”
জরুরিভাবে কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার উল্লেখ করে তিনি বলেন,
“এর আগেও পুরান ঢাকায় এ রকম অগ্নিকাণ্ড ঘটেছে। সেই কারণে ওই জায়গা থেকে
কেমিক্যাল গোডাউনগুলো বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। এজন্য পলিসি পরিবর্তন
করা দরকার হলে সেটিই করতে হবে।”
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জন নিহত এবং আহত হয়েছেন ৩ জন।